ইরান সংকট নিরসনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা নানা বাধার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। হোয়াইট হাউসের সূচি অনুযায়ী, বৈঠকটি রুদ্ধদ্বার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান-প্রদান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংঘাত অবসানের শর্ত নিয়ে মতপার্থক্য কমাতে কাজ করছে দেশটি।
তবে আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রোববার (৮ নভেম্বর) প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রুবিও বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধান চান। তবে ইরানের কিছু দাবি ‘অগ্রহণযোগ্য’, ‘অবাস্তব’ ও ‘হাস্যকর’।
এদিকে রোববার ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি সম্ভব হলে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে হামলার জন্য সেতুসহ ইরানের আরও কিছু অবকাঠামো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও সতর্ক করেন তিনি।
এমন পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টায় কতটা অগ্রগতি আনতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।
সূত্র: রয়টার্স, আরব নিউজ



