শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা কমাচ্ছে ভারতের পোশাকশিল্প
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপমুখী ভারতের পোশাক রপ্তানিকারকেরা

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ও বাণিজ্য অনিশ্চয়তার কারণে দেশটির বাজারের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছে ভারতের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।
বিকল্প বাজার হিসেবে যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়ানোর দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও একক বাজারের ওপর আগের মতো নির্ভর করতে চান না তাঁরা।
আজ বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের রাঁচিতে অবস্থিত ওরিয়েন্ট ক্রাফটের কারখানায় একসময় উৎপাদিত পোশাকের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো। কিন্তু মার্কিন শুল্ক বৃদ্ধির পর প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে সরবরাহ কমিয়ে যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে বিক্রি বাড়িয়েছে।
এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুধীর ধিংরা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর পর দেশটির ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা ছাড় চেয়েছেন। এমন পরিস্থিতিতে একটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভর করাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি। বর্তমানে ওরিয়েন্ট ক্রাফটের মোট বিক্রির ১০ শতাংশেরও কম আসে যুক্তরাষ্ট্র থেকে। আগে এ হার ছিল ৮৪ শতাংশ।
ভারতের আরেক বড় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টসও ইউরোপের বাজারে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিবরামকৃষ্ণন গণপতি জানান, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে মোট আয়ের ২৫ থেকে ৩০ শতাংশ ইউরোপের বাজার থেকে আনার লক্ষ্য রয়েছে। বর্তমানে এ হার ১৫ থেকে ১৬ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের অংশ ৫০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র, পোশাক ও গৃহসজ্জাসামগ্রী রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য বাজারে রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তিও ভারতীয় রপ্তানিকারকদের নতুন বাজার তৈরিতে সহায়তা করছে। জুলাইয়ে কার্যকর হওয়া ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় পোশাক যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য চুক্তি কার্যকর হলে সেখানে পোশাক রপ্তানিতে ১২ থেকে ১৭ শতাংশ পর্যন্ত শুল্ক কমতে পারে।
শুধু বাজার পরিবর্তন নয়, উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দিচ্ছেন উদ্যোক্তারা। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে সরকারি ভর্তুকি, সহজে জমি পাওয়া এবং দক্ষ কর্মীর সুযোগ থাকায় নতুন পোশাক কারখানা গড়ে উঠছে। দেশটির নিজস্ব পোশাকের বাজারও রপ্তানির অনিশ্চয়তা মোকাবিলায় সহায়তা করছে। প্রায় ১৫০ বিলিয়ন ডলারের এ বাজারে বছরে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে।
তবে রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজার পুরোপুরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা তাঁদের নেই। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ও বাজারের আকারের কারণে দেশটি গুরুত্বপূর্ণ থাকবে। তবে শুল্ক নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার পর যুক্তরাষ্ট্র আর আগের মতো একক প্রভাবশালী বাজার হয়ে উঠবে না বলেই মনে করছেন তাঁরা।
বিশ্লেষকদের মতে, শুল্কের চাপ ও বাণিজ্য অনিশ্চয়তা ভারতের পোশাক রপ্তানিকারকদের বাজার বহুমুখীকরণের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নতুন বাজারে ভারতের রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।



