আগামী তিন বছরের জন্য নতুন অভিবাসন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে কানাডা সরকার। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্ট (পিআর) নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি।
একই সঙ্গে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিককে অস্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় প্রবেশের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন।
গ্রামীণ ও ছোট শহরগুলোতে শ্রমিক সংকট মোকাবিলা এবং দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে পরীক্ষামূলক ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট’ (RCIP) কর্মসূচিকে স্থায়ী অভিবাসন কর্মসূচিতে রূপ দেওয়া হচ্ছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির নাম ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’। এর মাধ্যমে কানাডার ছোট ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে আগ্রহী দক্ষ বিদেশি কর্মীরা স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পাবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন কর্মসূচিটি আগের পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালিত হবে। তবে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কোন খাতে কর্মী নেওয়া হবে, তা নির্ধারণে সংশ্লিষ্ট কমিউনিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রাথমিকভাবে আগের পাইলট কর্মসূচিতে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিই নতুন স্থায়ী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব এলাকা কানাডার বিভিন্ন প্রদেশে অবস্থিত।
এগুলোর মধ্যে রয়েছে-
- পিকটো কাউন্টি, নোভা স্কশিয়া
- নর্থ বে, অন্টারিও
- সাডবেরি, অন্টারিও
- টিমিন্স, অন্টারিও
- সল্ট স্টে মেরি, অন্টারিও
- থান্ডার বে, অন্টারিও
- স্টেইনবাখ, ম্যানিটোবা
- আলটোনা/রাইনল্যান্ড, ম্যানিটোবা
- ব্র্যান্ডন, ম্যানিটোবা
- মুজ জ, সাসকাচুয়ান
- ক্লেয়ারশোলম, আলবার্টা
- ওয়েস্ট কুটেনি, ব্রিটিশ কলাম্বিয়া
- নর্থ ওকানাগান-শুসওয়াপ, ব্রিটিশ কলাম্বিয়া
- পিস লিয়াড, ব্রিটিশ কলাম্বিয়া
কানাডা সরকারের তথ্য অনুযায়ী, এসব এলাকায় স্থানীয় শ্রমিকের মাধ্যমে পূরণ করা যাচ্ছে না—এমন চাকরির শূন্যপদ রয়েছে।
একই সঙ্গে নতুন অভিবাসীদের বসবাস, কাজ ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিবেচনা করেই কমিউনিটিগুলো নির্বাচন করা হয়েছে।
আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন
নতুন কর্মসূচির আওতায় স্থায়ী বসবাসের আবেদন করতে হলে কয়েকটি মৌলিক শর্ত পূরণ করতে হবে। আইআরসিসির প্রকাশিত যোগ্যতার তালিকা অনুযায়ী, আবেদনকারীর থাকতে হবে-
১. বৈধ চাকরির প্রস্তাব: অংশগ্রহণকারী কমিউনিটির অনুমোদিত বা মনোনীত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব নিতে হবে। যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না।
২. কমিউনিটির সুপারিশপত্র: সংশ্লিষ্ট কমিউনিটির কাছ থেকে বৈধ ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে।
৩. কাজের অভিজ্ঞতা: গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের অভিজ্ঞতা ও প্রস্তাবিত চাকরির পেশাগত শ্রেণির মধ্যে নির্ধারিত সামঞ্জস্য থাকতে হবে।
৪. ভাষাগত দক্ষতা: ইংরেজি অথবা ফরাসি ভাষায় নির্ধারিত দক্ষতা প্রমাণ করতে হবে। এ জন্য আইআরসিসি অনুমোদিত ভাষা পরীক্ষায় অংশ নিতে হবে।
৫. শিক্ষাগত যোগ্যতা: কানাডার স্বীকৃত শিক্ষাগত সনদ অথবা বিদেশি শিক্ষাগত সনদের কানাডীয় সমমান থাকতে হবে। বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী শিক্ষাগত সনদের মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে।
৬. আর্থিক সামর্থ্য: কানাডায় গিয়ে নিজের এবং পরিবারের সদস্যদের জীবনযাপনের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে হবে।
তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে ছাড় রয়েছে।
আরও পড়ুনঃ ইতালির কাজের ভিসা পেতে কী কী লাগবে?
চাকরির ধরন ও পেশাগত শ্রেণি অনুযায়ী ভাষাগত দক্ষতার শর্ত ভিন্ন। আইআরসিসির প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক (CLB) হলো-
- TEER ০ ও ১ শ্রেণির চাকরির জন্য: CLB ৬
- TEER ২ ও ৩ শ্রেণির চাকরির জন্য: CLB ৫
- TEER ৪ ও ৫ শ্রেণির চাকরির জন্য: CLB ৪
ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে IELTS General Training, CELPIP-General অথবা PTE Core পরীক্ষার ফল গ্রহণ করা হয়। ফরাসি ভাষার ক্ষেত্রে TEF Canada ও TCF Canada পরীক্ষার ফল জমা দেওয়া যায়।
ভাষা পরীক্ষার ফল আবেদন জমা দেওয়ার সময় দুই বছরের কম পুরোনো হতে হবে।
যেভাবে আবেদন করতে হবে
কানাডার এই কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমে অংশগ্রহণকারী ১৪টি কমিউনিটির মধ্যে নিজের পেশা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এলাকা নির্বাচন করতে হবে।
এরপর সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তাদের কাছ থেকে চাকরির সুযোগ খুঁজতে হবে। প্রতিটি কমিউনিটির নিজস্ব অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও পেশার তালিকা রয়েছে। তাই চাকরির প্রস্তাব পাওয়ার আগে ওই এলাকার চাহিদা যাচাই করা জরুরি।
চাকরির প্রস্তাব পাওয়ার পর নিয়োগকর্তা সংশ্লিষ্ট কমিউনিটির কাছে আবেদনকারীর জন্য সুপারিশপত্রের আবেদন করবেন। কমিউনিটি আবেদনকারীর যোগ্যতা, চাকরির প্রস্তাব এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা যাচাই করে সুপারিশ দেওয়ার সিদ্ধান্ত নেবে।
সুপারিশপত্র পাওয়ার পর আবেদনকারী আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। এরপর অভিবাসন কর্তৃপক্ষ আবেদনকারীর নথি ও যোগ্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
চাকরির প্রস্তাব পেলেই কি পিআর নিশ্চিত?
না। শুধু চাকরির প্রস্তাব পেলেই কানাডার স্থায়ী বসবাস নিশ্চিত হয় না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে এবং চাকরিটি ওই এলাকার অগ্রাধিকারপ্রাপ্ত খাত বা পেশার মধ্যে থাকতে হবে।
এ ছাড়া আবেদনকারীকে কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক সামর্থ্যের শর্ত পূরণ করতে হবে। সব শর্ত পূরণের পরও চূড়ান্ত অনুমোদন আইআরসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
কানাডার নতুন স্থায়ী গ্রামীণ অভিবাসন কর্মসূচি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য একটি সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে যাঁদের নির্দিষ্ট পেশায় কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাঁরা কর্মসূচির শর্ত যাচাই করে প্রস্তুতি নিতে পারেন।
তবে মনে রাখতে হবে, এটি কোনো সাধারণ উন্মুক্ত ওয়ার্ক পারমিট বা চাকরি ছাড়াই পিআর পাওয়ার কর্মসূচি নয়। বৈধ চাকরির প্রস্তাব, অনুমোদিত নিয়োগকর্তা এবং কমিউনিটির সুপারিশপত্র ছাড়া আবেদন করা যাবে না।
এ ছাড়া পুরোনো পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সেটি বন্ধ হয়ে নতুন স্থায়ী কর্মসূচি কার্যকর হবে।
তাই আবেদনকারীদের পুরোনো ও নতুন কর্মসূচির নিয়ম গুলিয়ে না ফেলে কানাডা সরকারের সরকারি ওয়েবসাইটে সর্বশেষ নির্দেশনা যাচাই করে প্রস্তুতি নেওয়া উচিত।
তথ্যসূত্র: কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (IRCC)




একটি মন্তব্য