২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
মোহাম্মাদ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
গত সোমবার ( ০৯ নভেম্বর ) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরের পর এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৭৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ দেয় সৌদি আরব।
তবে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা আরও বাড়ানোর ক্ষেত্রে মক্কার মিনায় তাঁবুর ধারণক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উঠে এলে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী জানান, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে কিংবা কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে সেই কোটা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়েও আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। এ সময় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করেন ধর্মমন্ত্রী। হজ কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। এখন বর্ধিত কোটা যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ।



