সৌদি আরবে চাকরি পরিবর্তন করতে চান এমন বাংলাদেশি প্রবাসীদের জন্য কফিল বা নিয়োগকর্তা পরিবর্তনের নিয়ম জানা জরুরি। অনেকের ধারণা, বর্তমান কফিলের অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন করা যায় না।
তবে দেশটির শ্রমবাজার সংস্কারের আওতায় নির্দিষ্ট শর্তে বর্তমান নিয়োগকর্তার সম্মতি ছাড়াও অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ব্যবহার করা হয় দেশটির কিউয়া (Qiwa) প্ল্যাটফর্ম।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের (HRSD) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর ‘ফ্রিডম অব মুভমেন্ট’ নামে নতুন একটি অনলাইন সেবা চালু হয়েছে।
এর মাধ্যমে নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে একজন প্রবাসী কর্মী বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে কাজের জন্য স্থানান্তর হতে পারেন।
সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিয়োগকর্তা পরিবর্তনের আবেদন সাধারণত কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়। এ ক্ষেত্রে নতুন নিয়োগকর্তাকে প্রথমে কর্মীর জন্য চাকরির প্রস্তাব দিতে হয়।
এরপর কর্মী নিজের কিউয়া অ্যাকাউন্টে প্রবেশ করে প্রস্তাবটি গ্রহণ অথবা প্রত্যাখ্যান করতে পারেন। আবেদন জমা হলে বর্তমান নিয়োগকর্তাকে বিষয়টি জানানো হয়। পরে সিস্টেমে প্রয়োজনীয় শর্ত যাচাই করে অনুমোদন দেওয়া হলে কর্মীর তথ্য হালনাগাদ হয় এবং নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়।
কফিল পরিবর্তনে যেসব বিষয় গুরুত্বপূর্ণ
১. নতুন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব: নতুন প্রতিষ্ঠানকে কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীর নামে চাকরির প্রস্তাব পাঠাতে হবে। কর্মীকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে সেটি গ্রহণ করতে হবে।
২. ইকামা ও চুক্তির অবস্থা: কর্মীর ইকামা, কাজের অনুমতি এবং চাকরির চুক্তির অবস্থা গুরুত্বপূর্ণ। সাধারণভাবে বৈধ ইকামা থাকা এবং চুক্তির শর্ত ও প্রযোজ্য নোটিশের সময়সীমা মেনে চলা প্রয়োজন।
৩. নতুন প্রতিষ্ঠানের যোগ্যতা: নতুন নিয়োগকর্তার প্রতিষ্ঠানের বাণিজ্যিক নিবন্ধন বৈধ ও প্রতিষ্ঠানটি কার্যকর থাকতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিট বৈধ থাকা, বেতন সুরক্ষা কর্মসূচির নিয়ম মানা এবং নির্ধারিত নিতাকাত শ্রেণির শর্ত পূরণ করাও গুরুত্বপূর্ণ।
৪. কর্মীর সম্মতি: কিউয়ায় নতুন নিয়োগকর্তার পাঠানো চাকরির প্রস্তাব কর্মীকে গ্রহণ করতে হবে। প্রস্তাব গ্রহণ না করলে স্থানান্তর প্রক্রিয়া এগোবে না।
৫. বর্তমান নিয়োগকর্তাকে অবহিত করা: স্থানান্তরের আবেদন জমা হলে বর্তমান নিয়োগকর্তাকে বিষয়টি জানানো হয়। তবে নির্দিষ্ট নিয়মে যোগ্য কর্মীদের ক্ষেত্রে তার অনুমতি ছাড়াও স্থানান্তরের সুযোগ রয়েছে।
কখন বর্তমান কফিলের অনুমতি ছাড়াই পরিবর্তন করা যায়?
সৌদি আরবের শ্রমবাজার সংস্কারের আওতায় কিছু পরিস্থিতিতে বর্তমান নিয়োগকর্তার সম্মতি ছাড়াই চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে। যেমন-
- কর্মী সৌদি আরবে প্রবেশের তিন মাসের মধ্যে তার সঙ্গে লিখিত বা নথিভুক্ত চাকরির চুক্তি না হলে।
- নিয়োগকর্তা টানা তিন মাস বেতন পরিশোধ না করলে।
- নিয়োগকর্তা মৃত্যু, কারাবাস, ভ্রমণ বা অন্য কোনো কারণে কর্মীর দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে।
- কর্মীর ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে।
- নিয়োগকর্তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগের পক্ষে কর্মীর প্রমাণ থাকলে।
- নিয়োগকর্তার বাণিজ্যিক গোপন মালিকানা বা ‘তাসাত্তুর’ সংক্রান্ত অপরাধের অভিযোগ থাকলে এবং কর্মী নিজে তাতে জড়িত না থাকলে।
- শ্রমবিরোধের শুনানি বা সমঝোতার দুইটি বৈঠকে যথাযথ নোটিশ পাওয়ার পরও নিয়োগকর্তা বা তার প্রতিনিধি উপস্থিত না হলে।
তবে এসব পরিস্থিতিতে কর্মীর প্রকৃত অবস্থা ও প্রয়োজনীয় প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু অভিযোগ করলেই স্বয়ংক্রিয়ভাবে কফিল পরিবর্তনের অনুমতি পাওয়া যায় না।
কর্মীর বিরুদ্ধে অনুপস্থিতি বা কাজ বন্ধ করে দেওয়ার রিপোর্ট থাকলে কফিল পরিবর্তন অসম্ভব এমন ধারণা সব ক্ষেত্রে সঠিক নয়।
আরও পড়ুনঃ বৈধভাবে কাজ করেও রেহাই পাননি বাংলাদেশি প্রবাসী, পরিচয় যাচাইয়ে মিলল মুক্তি
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সৌদি সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে কিউয়া প্ল্যাটফর্মের বরাতে বলা হয়, কোনো কর্মীর বিরুদ্ধে অনুপস্থিতির রিপোর্ট, কাজ বন্ধের রিপোর্ট কিংবা চাকরির চুক্তি শেষ হওয়ার কারণে ‘অ্যাবসেন্ট’ অবস্থা তৈরি হলেও তিনি নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ পেতে পারেন। তবে এ ক্ষেত্রে তাকে সৌদি আরবে ১২ মাসের বেশি সময় অবস্থান করতে হবে।
এ ধরনের কর্মীর বকেয়া ওয়ার্ক পারমিট ফি থাকলে তা নতুন নিয়োগকর্তাকে পরিশোধ করতে হবে। তবে কর্মীর অ্যাবসেন্ট স্ট্যাটাস, ইকামা এবং অন্যান্য সরকারি রেকর্ড যাচাই করে যোগ্যতা নির্ধারণ করা হয়। অ্যাবসেন্ট রিপোর্ট থাকলেই সবাই এই সুযোগ পাবেন, এমন নয়।
কফিল পরিবর্তনের আবেদন করবেন যেভাবে
সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের চাকরি পরিবর্তনের প্রক্রিয়াটি সাধারণত অনলাইনে সম্পন্ন হয়।
১. নতুন নিয়োগকর্তা কিউয়া বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করবেন।
২. কর্মী স্থানান্তর বা Employee Transfer সেবা নির্বাচন করবেন।
৩. যে কর্মীকে নিয়োগ দিতে চান, তার প্রয়োজনীয় তথ্য যুক্ত করবেন।
৪. কর্মীর জন্য নতুন চাকরির চুক্তি ও প্রস্তাব তৈরি করবেন।
৫. কর্মী নিজের কিউয়া অ্যাকাউন্টে প্রবেশ করে প্রস্তাব গ্রহণ করবেন।
৬. সিস্টেমে প্রয়োজনীয় শর্ত যাচাই ও অনুমোদন সম্পন্ন হলে কর্মীর তথ্য হালনাগাদ হবে এবং নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে।
গৃহকর্মীদের ক্ষেত্রে কি একই নিয়ম?
না। বাসাবাড়িতে কর্মরত গৃহকর্মী, যেমন গৃহকর্মী, ব্যক্তিগত গাড়িচালক ও পরিচর্যাকারীদের জন্য সাধারণ বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তাদের নিয়োগ ও চাকরি পরিবর্তনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের ‘মুসানেদ’ (Musaned) প্ল্যাটফর্মের নিয়ম অনুসরণ করতে হয়।
অভিযোগ থাকলে কোথায় যোগাযোগ করবেন?
বেতন না পাওয়া, চুক্তি ভঙ্গ, নিয়োগকর্তার সঙ্গে বিরোধ কিংবা চাকরি পরিবর্তন নিয়ে সমস্যা হলে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করা যায়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইট, কিউয়া প্ল্যাটফর্ম অথবা ১৯৯১১ নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।
মন্ত্রণালয় প্রথমে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে। সমাধান না হলে বিষয়টি শ্রম আদালতে পাঠানো হতে পারে। তবে শ্রমবিরোধ চলাকালে চাকরি পরিবর্তন বা দেশত্যাগের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকতে পারে।
সৌদি আরবে কফিল পরিবর্তনের নিয়ম কর্মীর পেশা, চাকরির ধরন, চুক্তি, ইকামা এবং নিয়োগকর্তার অবস্থার ওপর নির্ভর করে।
তাই কোনো দালাল বা মধ্যস্থতাকারীর কথায় টাকা দেওয়ার আগে কিউয়া অ্যাকাউন্টে নিজের যোগ্যতা যাচাই করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া জরুরি।



