আমিরাতে ভয়াবহ দুর্ঘটনায় ১৪ মৃত্যু, ৪ প্রবাসীর পরিচয় প্রকাশ!
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ১০ জন আমিরাতি এবং ৪ জন ভারতীয় নাগরিক।
নিহতদের মধ্যে ভারতের কেরালার এক পরিবারের যমজ দুই সন্তান ও তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল পাবলিক প্রসিকিউশন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফুজাইরাহমুখী শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও ৫ টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর প্রকাশ করেছে গালফ নিউজ, দ্য ন্যাশনাল ও আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত ১০ নাগরিক হলেন মোহাম্মদ রশিদ আল কিন্দি, খালফান সাঈদ আল মাজরুই, রশিদ মুসা আল দারমাকি, হাজার সালেম খামিস মারজুক আল মেসমারি, আবদুল্লাহ হামাদ আল-হাফিতি, সুহাইর সাঈদ আহমেদ আল-ইয়ামাহি, মরিয়ম আবদুর রহমান আল হাম্মাদি, আমনা সাইফ আল নাকবি, আহলাম সাইফ আল নাকবি এবং আহমেদ থানি জুমা আল মুজাইরদি।
নিহত চার ভারতীয় হলেন মোহাম্মদ আসমিল সিদ্দিক, মিসনা জুবিন সিদ্দিক, মুহাম্মদ ফাইজ এবং আতিফ মোহাম্মদ ইমরান মনসুর। তাঁদের মধ্যে প্রথম তিনজন ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা। অপরজন গুজরাটের।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, কেরালার বাসিন্দা মোহাম্মদ আসমিল সিদ্দিক ও মিসনা জুবিন সিদ্দিক যমজ ভাই-বোন। তাঁদের বয়স ছিল ২১ বছর।
দুর্ঘটনায় তাঁদের ৩ বছর বয়সী ভাগনে মুহাম্মদ ফাইজও প্রাণ হারায়। একই গাড়িতে থাকা তাঁদের পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।
অন্যদিকে, নিহত ভারতীয় নাগরিক আতিফ মোহাম্মদ ইমরান মনসুরের বয়স ছিল ১৩ বছর। তাঁর পরিবার আমিরাতে বেড়াতে এসেছিল। দেশে ফেরার উদ্দেশ্যে ফুজাইরাহ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। আতিফের পরিবারের অন্য সদস্যরাও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আমিরাতের ফেডারেল পাবলিক প্রসিকিউশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি দুর্ঘটনা ঘটে। প্রথম ঘটনায় একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি শিপিং কনটেইনার বহনকারী আরেকটি ট্রাক কয়েকটি গাড়িকে আঘাত করে উল্টে যায়।
ফুজাইরাহ পুলিশের আগের বক্তব্য অনুযায়ী, দ্বিতীয় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারানোর পর গাড়িটি প্রথমে অন্য একটি যানবাহনে ধাক্কা দেয়।
আরও পড়ুনঃ বাহরাইনে কী ঘটছে? সম্ভাব্য হামলার সতর্কবার্তায় আতঙ্ক
এরপর ধীরগতির যান চলাচলের কারণে সড়কে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর উল্টে পড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ক্ষতিগ্রস্ত যানবাহনে। ভয়াবহ এই সংঘর্ষ ও অগ্নিকাণ্ডেই প্রাণহানির ঘটনা ঘটে।
তদন্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে দুর্ঘটনাস্থলে সড়কের ডান পাশের একটি লেন রক্ষণাবেক্ষণকাজের জন্য বন্ধ ছিল। ওই এলাকায় যান চলাচলের অবস্থা এবং প্রথম সংঘর্ষের পর তৈরি হওয়া পরিস্থিতি দ্বিতীয় দুর্ঘটনার সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসির নির্দেশে ফেডারেল পাবলিক প্রসিকিউশন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন জব্দের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর কারিগরি পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ করে ব্রেকব্যবস্থা পরীক্ষা এবং যানবাহনের ট্র্যাকিং ডিভাইস ও গতির তথ্য ধারণকারী যন্ত্র থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাক-বিচার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে প্রসিকিউশন। তাঁর পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের মৃত্যুর কারণ নির্ধারণে ফরেনসিক পরীক্ষা এবং পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
তদন্তকারীরা প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের বক্তব্য নিচ্ছেন। অতিরিক্ত গতি, যান্ত্রিক ত্রুটি, চালকের অবহেলা কিংবা সড়কের পরিস্থিতি কোন বিষয়গুলো দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ৩০ জনের মধ্যে আটজন আমিরাতি, সাতজন ভারতীয়, ছয়জন ওমানি, তিনজন মিসরীয়, দুজন জর্ডানের, দুজন পাকিস্তানি এবং দুজন ব্রাজিলীয় নাগরিক।
ফুজাইরাহ পুলিশ জানিয়েছিল, আহতদের মধ্যে প্রথম পর্যায়ে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। বাকি ১৫ জন তখন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তী সময়ে আরও কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে সর্বশেষ কতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট হালনাগাদ সংখ্যা প্রকাশিত হয়নি।
দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আগুন নিয়ন্ত্রণ, আহতদের উদ্ধার, হাসপাতালে স্থানান্তর এবং দুর্ঘটনাস্থল নিরাপদ করার কাজ করেন।
এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন আমিরাতের নেতারা। ফুজাইরাহর ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ আল শারকি নিহতদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি সমবেদনা জানান।
পরে প্রেসিডেন্সিয়াল কোর্টের উপপ্রধান শেখ থেয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং হাসপাতালে আহতদের খোঁজ নেন।
এদিকে দুর্ঘটনার পর চালকদের সতর্ক করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাড়ি চালানোর সময় নির্ধারিত গতিসীমা মেনে চলা, সামনের যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা এবং যান চলাচল ধীর হয়ে গেলে বা গাড়ি থেমে গেলে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, সড়ক নিরাপত্তা বিধি মেনে চলা এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধের অন্যতম উপায়।



