আন্তর্জাতিক

বাহরাইনে কী ঘটছে? সম্ভাব্য হামলার সতর্কবার্তায় আতঙ্ক

বাহরাইনে ভোররাতে একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে দেশটির বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর মধ্যেই বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৭টা) বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পরে সকাল সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা) আবারও বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানান স্থানীয় বাসিন্দারা।

এদিকে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান ধারাবাহিকভাবে বৈরী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের আকাশপথে চালানো হামলাগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং জননিরাপত্তার স্বার্থে কেবল সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সতর্কতা জারির সুনির্দিষ্ট কারণ বা হুমকির উৎস সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী।

বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার আগাম সতর্কীকরণ রাডারব্যবস্থা লক্ষ্য করে আইআরজিসির মহাকাশ বাহিনীর ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও শক্তিশালীভাবে দেওয়া হবে।

তবে ইরানের এই হামলার দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলা প্রতিহত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাস ধরে চলা যুদ্ধে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

একই সঙ্গে বিমানবন্দর, সমুদ্রবন্দর, জ্বালানি অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইরানের পাল্টা সামরিক অভিযানের মুখে পড়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি অবস্থিত। দেশটির রাজধানী মানামার কাছে অবস্থিত এ ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ অভিযান পরিচালনায় এ ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান? বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম চালু করছে জার্মানি

এর আগে গত শুক্রবারও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি।

তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, উপসাগরীয় দ্বীপরাষ্ট্রটির দিকে আসা ইরানের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button