ইতালিতে দুই বছরে ৩ লাখ ৩২ হাজারের বেশি কর্মী নিয়োগের ঘোষণা
বাংলাদেশিদের জন্য ইতালিতে বড় কর্মসংস্থানের সুযোগ, নিয়োগ দেবে ৩ লাখের বেশি কর্মী

ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা। ২০২৭ ও ২০২৮ সালে বিদেশি কর্মী নিয়োগের জন্য মোট ৩ লাখ ৩২ হাজার ৭০০ জনের কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার। কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় এ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে।
২০২৭ সালের জন্য নির্ধারিত কোটার মধ্যে অমৌসুমি খাতে ৭৬ হাজার ২০০ জন, কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে ৮৯ হাজার জন এবং স্বনিয়োজিত পেশায় ৬৫০ জন কর্মী নেওয়া হবে। এ ছাড়া অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।
২০২৮ সালের জন্যও অমৌসুমি খাতে ৭৬ হাজার ২০০ জন এবং স্বনিয়োজিত পেশায় ৬৫০ জনের কোটা রাখা হয়েছে। কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে নেওয়া হবে ৯০ হাজার কর্মী।
ইতালির ২০২৬-২০২৮ সালের পরিকল্পনায় তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের জন্য ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের নিয়োগ কার্যক্রমের নির্ধারিত সময়সূচি পেরিয়ে যাওয়ায় এখন আগ্রহীদের নজর ২০২৭ ও ২০২৮ সালের নিয়োগের দিকে।
যেভাবে আবেদন করতে হবে
ইতালিতে বিদেশি কর্মী নিয়োগ করা হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ প্রক্রিয়ায় মূল দায়িত্ব থাকে নিয়োগকর্তার ওপর। ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে পারেন।
ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনসংক্রান্ত প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এজন্য ব্যবহার করতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল।
আবেদনের সময় নিয়োগকর্তাকে কর্মীর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে চাকরির প্রস্তাব বা কাজের চুক্তি, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথির তথ্য থাকতে পারে।
আবেদন অনুমোদিত হলে কর্মীকে ভিসার পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নিয়োগের কোটা নির্ধারিত থাকলেই সরাসরি ভিসা পাওয়া যাবে না। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইতালি দূতাবাস।
বিদেশি কর্মীদের জন্য প্রশিক্ষণের সুযোগ
বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রকল্পও হাতে নিয়েছে ইতালি সরকার। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
তিনি জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। নিয়োগদাতা প্রতিষ্ঠানের কর্মী চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের বিষয় ও ধরন নির্ধারণ করা হবে।
প্রথমে ইতালির প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কর্মীর সংখ্যা ও দক্ষতার ধরন জানাবে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।



