
উন্নত জীবন, বেশি আয় আর পরিবারের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামের ফজলুল করিম ফরহাদ। কিন্তু প্রবাস জীবনের এক বছর পার হতেই বুঝতে পেরেছেন, ইউরোপের চাকচিক্যময় জীবনের আড়ালে রয়েছে কঠিন বাস্তবতা, অনিশ্চয়তা আর প্রতিদিনের সংগ্রাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক বছরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, বিদেশের জীবন বাইরে থেকে যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে তা অনেকের জন্যই ভিন্ন। নিরাপত্তা, বেশি আয়ের সুযোগ এবং সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় ইতালিকে স্বপ্নের দেশ মনে হয়েছিল তাঁর। পরিচিতদের সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়ি-বাড়ি ও আনন্দঘন মুহূর্তের ছবি দেখে তাঁরও বিশ্বাস জন্মেছিল, ইতালিতে গেলেই বদলে যাবে জীবনের চিত্র।
ইতালিতে আসার প্রথম মাস প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেই কেটেছিল ফরহাদের। চারপাশের সবুজ, স্বচ্ছ পানির লেক আর বরফে ঢাকা পাহাড় মুগ্ধ করেছিল তাঁকে। তবে সময়ের সঙ্গে সেই মুগ্ধতা জায়গা করে দেয় বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জকে।
বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে টানা ১৪ বছর সম্মানজনক পদে চাকরি করেছেন ফরহাদ। কিন্তু ইতালিতে এসে তাঁকে রেস্টুরেন্টের কিচেন অ্যাসিস্ট্যান্ট, ডিশ ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ডের কাজের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। কোনো কাজকেই ছোট মনে না করলেও পেশাগত অবস্থানের এমন পরিবর্তন এবং কাজ পাওয়ার তীব্র প্রতিযোগিতা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চীনা, মরক্কান ও রোমানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসীদের সঙ্গে প্রতিদিন কাজের প্রতিযোগিতায় নামতে হয় তাঁকে। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকার পরও কাঙ্ক্ষিত কাজ পাওয়া যে কতটা কঠিন, তা নিজের অভিজ্ঞতায় উপলব্ধি করেছেন তিনি।
ফরহাদের ভাষায়, প্রবাস জীবনের সংগ্রামে একসময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও ম্লান হয়ে যায়। কাজের চাপে শুক্রবার জুমার নামাজ আদায় করতে না পারার কষ্ট তাঁকে ভেতর থেকে পোড়ায়। সমুদ্রসৈকতে সূর্যাস্ত দেখার সময়ও মাথায় ঘুরতে থাকে বাসাভাড়া ও খাবারের খরচের হিসাব। দেশের মতো খাবারের স্বাদ না পাওয়া, আবার দেশি খাবার কিনতে বাড়তি টাকা খরচ করার বিষয়টিও তাঁর নিত্যদিনের বাস্তবতা।
তবে সবচেয়ে বড় কষ্ট পরিবার থেকে দূরে থাকা। প্রতিদিন মনে পড়ে মা, স্ত্রী ও সন্তানদের কথা। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় হাজার হাজার কিলোমিটার দূরে এসে তাঁকে যেমন প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে, তেমনি পরিবারকেও থাকতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা ও বিচ্ছেদের কষ্টে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ফরহাদ জানিয়েছেন, ইতালি, ফ্রান্স, স্পেন কিংবা জার্মানির মতো দেশগুলো খারাপ নয়। এসব দেশে অনেকেই সফল হয়েছেন, সুন্দর জীবন গড়েছেন। তবে সবার প্রবাসজীবনের গল্প এক নয়। কারও কাছে বিদেশের জীবন স্বপ্নপূরণের নাম, আবার কারও কাছে তা প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সাজানো-গোছানো জীবন কিংবা বিদেশের চাকচিক্যময় প্রচারণা দেখে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। বরং নিজের আর্থিক অবস্থা, পেশাগত যোগ্যতা, কাজের সুযোগ ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
ফরহাদের অভিজ্ঞতায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাস জীবনের আনন্দ ও সাফল্যের গল্প যতটা দেখা যায়, এর পেছনের সংগ্রাম, হতাশা, একাকিত্ব ও ত্যাগের গল্প ততটা সামনে আসে না। আর বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা নতুনদের সিদ্ধান্ত নেওয়ার আগে এই বাস্তবতাগুলোই বিবেচনায় রাখা জরুরি।



