
ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, পানির হিস্যায় বাংলাদেশ একচুলও ছাড় দেবে না।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যার কথা বলেছিলেন। তাঁর সেই অবস্থানকে ধারণ করতে হলে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্বও স্পষ্ট করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
আবরার ফাহাদের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না। তাঁর হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্যাতন এবং গেস্টরুম সংস্কৃতির চিত্রও প্রকাশ পেয়েছিল। সামান্য একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাঁকে সারারাত নির্যাতনের পর হত্যা করা হয়।
নাহিদ ইসলাম বলেন, শুধু বোয়িং বিমান কেনা বা আন্তর্জাতিক পর্যায়ে বৈঠক করলেই সরকারের দায়িত্ব শেষ হয় না। আন্তর্জাতিক চুক্তিগুলোতে বাংলাদেশ তার স্বার্থ কতটা নিশ্চিত করতে পারছে, সেটিই গুরুত্বপূর্ণ।
গঙ্গা পানিবণ্টন চুক্তিসহ বাংলাদেশের সব আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা করে চূড়ান্ত করার এবং এসব ক্ষেত্রে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।



