
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। অক্টোবরের প্রথম সাত দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৩৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫৭ জন। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ২০৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৯০ জন। এ ছাড়া খুলনায় ২৯২ জন, চট্টগ্রামে ২৮০ জন, রাজশাহীতে ২০৬ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



