
রোববার (১১ অক্টোবর) এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। সভা সঞ্চালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। দলের শীর্ষ নেতারাও এ কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন দলটির নেতা-কর্মীরা।
এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হওয়ার বিষয়েও জানানো হয়। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলের প্রার্থীদের তালিকা আগামী সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা তৈরির কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সভায় জানানো হয়।



