জাতীয়

বিমসটেকের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১২ অক্টোবর ভারতের রাজধানী দিল্লিতে বিমসটেকভুক্ত সাত দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন ১৩ অক্টোবর প্রথমবারের মতো সদস্যদেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে বসবেন। তবে ওই বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে ওই অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশকে নিয়ে গঠিত এই আঞ্চলিক জোটের সদস্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button