জাতীয়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুস নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

রোববার রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের কোনো আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ গত ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

এ ছাড়া শুভ চন্দ্র বর্মণের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠাতে হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ভূমি অফিসের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত ঝটিকা অভিযান ও নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করতে জেলার প্রতিটি ভূমি অফিসে কঠোর বার্তা পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button