জাতীয়

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, বিচারের মুখে ৪৮৮ জন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ ১৪ অক্টোবর। ২০২৪ সালের এই দিনে অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এরপর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুম ও খুনের অভিযোগে করা মামলাগুলোর বিচার শুরু হয়। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ৭০টি মামলায় আসামি হিসেবে রয়েছেন ৪৮৮ জন।

এ পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করেছেন দুই ট্রাইব্যুনাল। এসব মামলায় দণ্ডিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলটির শীর্ষ নেতারা।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, পুনর্গঠনের পর গত দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ এগিয়েছে দ্রুতগতিতে। বর্তমানে চিফ প্রসিকিউটরসহ ২০ জন প্রসিকিউটর দায়িত্ব পালন করছেন। গত দুই বছরে দায়ের করা অনেক মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ। এসব মামলার কয়েকটির সাক্ষ্যগ্রহণ চলছে, আবার কয়েকটি রয়েছে যুক্তিতর্কের পর্যায়ে। এ ছাড়া আরও একটি মামলার রায়ের অপেক্ষা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই ট্রাইব্যুনালে বিচারাধীন বিবিধ ও বিডি মামলা মিলিয়ে মোট সংখ্যা ৭০। এর মধ্যে ট্রাইব্যুনাল-১-এ ৪৩টি এবং ট্রাইব্যুনাল-২-এ ২৭টি মামলা রয়েছে।

ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ১২টি বিডি মামলায় আসামি ১২০ জন। তাঁদের মধ্যে ৩২ জন গ্রেপ্তার হয়েছেন। বাকি ৮৮ জন পলাতক রয়েছেন।

এই ট্রাইব্যুনালের ৩১টি বিবিধ মামলায় আসামি হিসেবে ১৩৩ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে ৭৩ জন গ্রেপ্তার এবং ৫৯ জন পলাতক। এ তালিকার একজন আসামির মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ১৪টি বিডি মামলায় আসামি রয়েছেন ২০৮ জন। তাঁদের মধ্যে ১৫৬ জন পলাতক। বাকি আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এ ট্রাইব্যুনালের ১৩টি বিবিধ মামলায় আসামি ২৭ জন। তাঁদের মধ্যে ২৬ জন গ্রেপ্তার হয়েছেন। পলাতক রয়েছেন একজন।

এ পর্যন্ত ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ মোট সাতটি বিডি মামলার রায় ঘোষণা করেছেন। এসব মামলায় সব মিলিয়ে ৬৮ জনকে বিভিন্ন ধরনের দণ্ড দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের দেওয়া তথ্য অনুযায়ী, দণ্ডিত ব্যক্তিদের মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এ ছাড়া একজনকে ক্ষমা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রসিকিউশন। সেখানে গত দুই বছরের বিচারিক কার্যক্রম এবং মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button