সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ

সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় সাম্প্রতিক হুতি হামলার ঘটনায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানির বিষয়টি তুলে ধরে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছেন ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন। এ সময় বাগদাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশন নিয়েও দুই রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়।
সৌদি আরবের বেসামরিক অবকাঠামোয় হুতিদের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রদূত জাভেদ বলেন, এসব হামলায় দুই বাংলাদেশিসহ বেশ কয়েকজন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। এ পরিস্থিতিতে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হুতিদের চালানো হামলার মুখে সৌদি আরবের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফ।
সাক্ষাৎকালে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা সংঘটনের দায় নির্ধারণের বিষয়ে প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক নজির স্থাপন করবে।
এ ছাড়া ইসলামি সহযোগিতা সংস্থার বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হন দুই রাষ্ট্রদূত। বাণিজ্য ও অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে তাঁরা সম্মতি জানান।



