জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে শুরু তিন দিনব্যাপী নিরাপত্তা সপ্তাহ

নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন ও এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিমানবন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনীর টাস্কফোর্স, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ি।

নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে তিন দিনই বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং ও মহড়ার আয়োজন করা হবে। এসব মহড়ায় জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশাধিকার ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, এ কর্মসূচির মাধ্যমে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় আরও বাড়বে। পাশাপাশি মহড়া ও সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button