
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হক জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রাঙ্গণে সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সহকারী প্রেস সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য সংসদ ভবন প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।



