
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬৪ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
তুর্কি আল-মালিকি জানান, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির অঞ্চলে অবস্থিত আবহা বিমানবন্দরে প্রাণ গেছে দুজনের।
গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। পরে হামলায় নিহতের সংখ্যা আরও বেড়েছে।
সৌদি সংবাদমাধ্যম আল-আখবারিয়াকে তুর্কি আল-মালিকি বলেন, অক্টোবরের শুরু থেকে সৌদি আরবে হুথিদের হামলার তীব্রতা বেড়েছে। এর আগে গত জুলাইয়ে সৌদি আরবের সঙ্গে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সংঘাত শুরু হয়।
তিনি আরও জানান, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ বার হামলা চালানো হয়েছে। ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে এসব হামলায় বিমানবন্দরটিতে ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, জাজান অঞ্চলের কিং আবদুল্লাহ বিমানবন্দরে হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানান তুর্কি আল-মালিকি।



