জাতীয়

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

নগরের হোটেল র‍্যাডিসন ব্লুতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমসহ দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্ট অনুষ্ঠিত সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা কম রাখা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

সভা সম্পর্কে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, বৈঠকে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। বর্তমানে অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা কম রাখা হবে।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে এম সেন হলের পূজামণ্ডপে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করবেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান দেওয়ারও কথা রয়েছে তাঁর।

এর আগে গত ৯ আগস্ট নগরের হোটেল র‍্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

এবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে একই হোটেলে আবারও দলীয় সাংগঠনিক সভার আয়োজন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button