
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর এবং পরে সেই সিদ্ধান্ত ভুয়া বলে জানার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থকদের কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থান নিয়ে ব্যঙ্গ করেন। তাঁর ভাষ্য, একদিকে প্রতিমন্ত্রী ইশরাকের কাজের প্রশংসা, অন্যদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পক্ষে লেখার পর পদত্যাগের খবর ভুয়া বলে জানায় নতুন করে যুক্তি দাঁড় করাতে হচ্ছে তাঁদের।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেল পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে সেটি।’
তিনি আরও লেখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’
পোস্টে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগও দাবি করেন হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যূর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’



