
রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের তালিকায় তিনি ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার লেলিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে শাহ আলী থানাধীন এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে এবং বেঁধে আটকে রাখে।
অভিযোগ অনুযায়ী, পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে ঢোকে। এরপর প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি আধাপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার কাজে ব্যবহৃত আরেকটি আধাপাকা ঘর ও এর আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ক্লিনিকের ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের আরেকটি আধাপাকা ঘরও ভাঙচুর করা হয়। ওই ঘরে থাকা আসবাবপত্র ও যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠানের প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের নিবন্ধন শাখায় ভাঙচুর চালায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। এরপর আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও পরীক্ষাগারের কক্ষের পাকা ভবনের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ভাঙচুরের পাশাপাশি ক্লিনিক থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীরা বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র এবং তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
মামলায় পাঁচটি ঘর এবং দরজা-জানালা ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় মোট প্রায় এক কোটি নয় লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চলে যাওয়ার সময় হামলাকারীরা দুই নৈশপ্রহরীকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ডও লাগিয়ে যায় তারা।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক চিকিৎসক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।



