জাতীয়

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে তাদের ভরসায় ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে তাঁরা সব সময় এসেছেন। তবে তাঁদের আগে আরও কেউ কেউ সেখানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তাঁরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া যোদ্ধারাও এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি খুব সচেতনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা এড়িয়ে চলি। কারণ আমরা কোথাও আইনিভাবে সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করি না। পৃথিবীর সব দেশে বিভিন্ন ধর্মের মানুষ কমবেশি থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকে। কিন্তু আমরা এখানে কাউকে সংখ্যালঘু হিসেবে তুলনা দিতে চাই না।”

তিনি আরও বলেন, “সেই জন্য আমরা সবাই বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশি নাগরিক। এই পরিচয়টা নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা যে সংস্কৃতি চালু করেছি, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য গণ-অভ্যুত্থানেও সব ধর্মের মানুষেরা রক্ত ঝরিয়েছেন।

তিনি বলেন, তাঁরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চান না। ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন না এবং এ ধরনের রাজনীতিতে বিশ্বাসও করেন না।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “সুতরাং যারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে সব সময় মনে করেছিল, তাদের ভ্রম ভেঙে দিয়েছিলেন গতবার। আপনারা আস্থা প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস রেখেছি। আস্থা এবং বিশ্বাসের প্রতীক আমাদের নেতা তারেক রহমান।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button