জাতীয়

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের এমআইএস সফটওয়্যারে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

মাউশির রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পাওয়া সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর লক্ষ্যে এ সফটওয়্যার চালু করা হয়েছে।

মাউশির কলেজ ও প্রশাসন শাখা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে। আগে এন্ট্রি করা তথ্যে ভুল থাকলে তা সংশোধন করতে হবে। ব্যাংক হিসাবসংক্রান্ত কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ পাঠানো সম্ভব হয়নি বা বাউন্স হয়েছে, তাঁদের তথ্যও সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, যেসব শিক্ষার্থীর তথ্য আগে সফটওয়্যারে এন্ট্রি করা হয়নি, তাঁদের তথ্যও নতুন করে এন্ট্রি করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক বা শাখার নাম, রাউটিং নম্বর ও হিসাব নম্বরে ভুল কিংবা ব্যাংক হিসাব নিষ্ক্রিয় থাকার কারণে অনেক শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্স হতে পারে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য সংশোধন করতে হবে। পাশাপাশি নিষ্ক্রিয় হিসাব সচল করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।

বৃত্তির তথ্য নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধনের কাজ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দুজন শিক্ষককে এ দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য এন্ট্রি বা সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি, সংশোধন ও ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদ করতে মাউশির এমআইএস সফটওয়্যারে প্রবেশ করতে হবে:

https://scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button