Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে ২০ কেন্দ্রের ফলে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২০টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২৩ হাজার ৫৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৩৮ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। এ আসনের তিনটি এলাকার মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

এ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। মির্জা ফয়সল আমীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

২০টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে থাকলেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে ভোটের ব্যবধানের চিত্র আরও স্পষ্ট হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button