Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে, দাবি জামায়াতের

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা এবং গাফিলতি রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ নদী থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে একজন সাবেক সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাঁর দাবি, তাহসিফের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর ব্যর্থতা এবং গাফিলতি স্পষ্ট।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নিয়ে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, এটি হাস্যকর ছাড়া আর কিছু নয়।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে গোলাম পরওয়ার বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সৌরি কী কারণে নিহত হয়েছেন, কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বের করতে হবে। পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা করে কেউ পার পেতে পারেন না, দায়মুক্তিও পেতে পারেন না।

তাহসিফ সৌরির পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের বলেও বিবৃতিতে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button