জাতীয়

তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি নাহিদের

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির নিখোঁজ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তাঁর সঙ্গে কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি জানান নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম জানান, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিস্ময় ও গভীর শোক প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম তাঁর পোস্টে লেখেন, তাহসিফের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ঘটনার তদন্তের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে।

পোস্টের শেষাংশে প্রয়াত কে এম তাহসিফ সৌরির আত্মার মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম। তিনি তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button