জাতীয়

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ ঘটনায় ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তাকে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। অন্য দুই সদস্য হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

শুক্রবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের প্রচলিত বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেবে। মন্ত্রীর নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটিকে ফ্লাইট বিজি ৩৭৭-এ দেখা দেওয়া কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রুটি শনাক্ত ও সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা পর্যালোচনা করবে কমিটি।

এ ছাড়া কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা-ও নিরূপণ করা হবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করবে তদন্ত কমিটি। এসব বিষয় পর্যালোচনার মাধ্যমে দায়দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি।

বিমান সূত্রে জানা যায়, চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট বিজি ৩৭৭ যাত্রা করতে পারেনি। এ ঘটনার পরই ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হলো।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button