হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণমন্ত্রী, দেখতে ছুটে গেলেন বাণিজ্যমন্ত্রী

বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিলেটে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে হাসপাতালে তাঁকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তাঁরা মন্ত্রীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গেও কুশল বিনিময় করেন।
জানা গেছে, শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পূর্বনির্ধারিত সফর বাতিল করে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সেখানে ভর্তি করা হয় তাঁকে।
বর্তমানে কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থতার কারণে তাঁর কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সব সফরসূচি স্থগিত করা হয়েছে।
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন।
এদিকে, আরিফুল হক চৌধুরীর সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি এবং দেশের শ্রমিক অসন্তোষ নিরসনসহ বিভিন্ন কাজে অতিরিক্ত ব্যস্ততার কারণে মন্ত্রী শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। ঢাকায় থাকতেই তিনি কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন। তবে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী সিলেটে এসেছিলেন।
মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।



