জাতীয়

রিয়াদগামী বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, ফ্লাইট বন্ধের সময় বাড়াল বিমান

সৌদি আরবে হামলাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী,আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সৌদি আরবের অন্য ৩ টি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে বিমান।

যাত্রীদের টিকিট, ফ্লাইটের সময়সূচি এবং ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান। একই সময়ে বন্ধ থাকা ঢাকা-দাম্মাম রুটে ৭ নভেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালুর কথা জানানো হয়।

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দরকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী হাজারো যাত্রীর ওপর।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ রুটে ঢাকা থেকে এ পর্যন্ত মোট ১৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ১৬১ জন যাত্রী।

বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ১০৯টি ছিল সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৩টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুনঃ প্রবাসীদের জন্য সুখবর! ওমানে যেসব কাজে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে বিশেষ করে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসী, ছুটিতে দেশে আসা কর্মী এবং নতুন করে কর্মস্থলে যোগ দিতে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রিয়াদগামী যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button