জলবায়ু অর্থায়নের নতুন পরিকল্পনা ঘোষণা না করায় অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো
ধনী দেশগুলোর নীরবতায় ঝুঁকিতে দরিদ্র দেশের জলবায়ু অর্থায়ন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমাতে উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও নতুন পরিকল্পনা ঘোষণা করতে দেরি করছে বিশ্বের বেশ কয়েকটি ধনী দেশ। এতে জলবায়ু অর্থায়ন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণও কঠিন হয়ে উঠছে।
আজ বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শিল্পোন্নত দেশগুলোর সরকার ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন দেওয়ার কথা। এর পাশাপাশি অন্যান্য উৎস থেকে আরও প্রায় ১ ট্রিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে। চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলা এবং কম কার্বননির্ভর অর্থনীতিতে রূপান্তরের জন্য এ অর্থ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তবে বিশ্বের অনেক ধনী দেশ চলতি বছর বা আগামী বছরের পর জলবায়ু অর্থায়নে তাদের লক্ষ্য ও পরিকল্পনা এখনো প্রকাশ করেনি। এতে অর্থ গ্রহণকারী দেশগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারছে না। একই সঙ্গে সরকারি অর্থের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি হচ্ছে।
প্রাকৃতিক সম্পদ প্রতিরক্ষা কাউন্সিল (এনআরডিসি) ও গবেষণা সংস্থা ইথ্রি-জি (E3G)-এর বিশ্লেষণে দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য পূরণে উন্নত দেশগুলো মোটামুটি সঠিক পথেই রয়েছে। ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় ২২৯ বিলিয়ন ডলার দেওয়ার কথা, যার মধ্যে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর অংশ হবে প্রায় ১৮৫ বিলিয়ন ডলার।
এনআরডিসির আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পরিচালক জো থোয়েটস বলেন, উন্নয়ন ব্যাংক ও জাতীয় সরকারগুলো অর্থায়নে বড় ধরনের কাটছাঁট না করলে ২০৩০ সালের মধ্যে প্রয়োজনীয় অর্থায়নের লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে যাবে। তবে অধিকাংশ দেশ তাদের পরিকল্পনা সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি কিছু জানাচ্ছে না।
বিশ্লেষণ অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন বছরে প্রায় ৩৬ বিলিয়ন ডলার অর্থায়ন অব্যাহত রাখলে এবং যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশের প্রতিশ্রুতি হিসাব করলে অর্থায়নের ঘাটতি থাকবে প্রায় ৭ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া নতুন লক্ষ্য ঘোষণা করলে এই ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে।
তবে কার্বন ব্রিফের আরেক বিশ্লেষণে বলা হয়েছে, ধনী দেশগুলো বর্তমান প্রতিশ্রুতির মেয়াদ শেষ হওয়ার পর নতুন অর্থায়ন না করলে উন্নয়নশীল দেশগুলো দ্বিপক্ষীয় জলবায়ু অর্থায়নে ৭০ শতাংশ পর্যন্ত ঘাটতির মুখে পড়তে পারে।
এদিকে তুরস্কের আন্তালিয়ায় সোমবার থেকে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনে জলবায়ু অর্থায়ন অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ধনী দেশগুলোর অর্থায়ন কমে যাওয়ার আশঙ্কায় উন্নয়নশীল দেশগুলোর জোট জি-৭৭ আগের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার দাবি তুলেছে।
বিশ্বব্যাংক চলতি বছরের গ্রীষ্মে নিজস্ব আনুষ্ঠানিক জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রা থেকে সরে এসেছে। তবে জলবায়ুসংশ্লিষ্ট প্রকল্পে বছরে কয়েক দশক বিলিয়ন ডলার অর্থায়ন অব্যাহত রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলো এখনো নতুন জলবায়ু অর্থায়নের লক্ষ্য প্রকাশ করেনি। অন্যদিকে ফ্রান্সের উন্নয়ন সংস্থা এএফডি জানিয়েছে, ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তারা বছরে ৬ বিলিয়ন ইউরো জলবায়ু অর্থায়ন এবং ৮০০ মিলিয়ন ইউরো জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যয় করবে।
জাপানও প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে আপাতত নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি ঘোষণার পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটি।



