জাতীয়

রিয়াদ-দাম্মাম রুটে ফ্লাইট বাতিল,বিপাকে হাজারো প্রবাসী!

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ থেকে যাত্রার পরিকল্পনা করা ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।

গত এক মাসের বেশি সময়ে এই দুই গন্তব্যে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে কর্মস্থলে ফেরা প্রবাসী, নতুন করে চাকরিতে যোগ দিতে যাওয়া কর্মীসহ বিভিন্ন প্রয়োজনে সৌদি আরবগামী যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়।

হুথি বিদ্রোহীদের হামলার জেরে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা এবং দাম্মামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সৌদি আরবের এ দুই গন্তব্যে আকাশপথে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিলের কারণে মোট ২৩ হাজার ২৭৪ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক এয়ারলাইন্স। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া, রিয়াদ এয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের যাত্রীরাও।

এসব ফ্লাইট বাতিলের ফলে অনেক যাত্রীর নির্ধারিত সংযোগ ফ্লাইটের সূচি ব্যাহত হয়েছে। ফলে গন্তব্যে পৌঁছাতে বিলম্বের পাশাপাশি নতুন করে ভ্রমণ পরিকল্পনা সাজাতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুনঃ আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, তবে মানতে হবে বিশেষ শর্ত!

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। ফলে ফ্লাইট চলাচলে দীর্ঘ সময় ধরে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসী বাংলাদেশিরা।

একই সঙ্গে নতুন চাকরিতে যোগ দিতে সৌদি আরবগামী কর্মী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে।

এ পরিস্থিতিতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাতিল হওয়া টিকিটের বিপরীতে বিকল্প ফ্লাইট, ভ্রমণের তারিখ পরিবর্তন কিংবা প্রযোজ্য ক্ষেত্রে অর্থ ফেরতের সুযোগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে নিশ্চিত হতে হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button