আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, তবে মানতে হবে বিশেষ শর্ত!

ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্কতার অংশ হিসেবে উগান্ডার নাগরিকদের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এর ফলে নির্দিষ্ট শর্ত পূরণ করে এখন থেকে উগান্ডার নাগরিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে সাধারণ যাত্রীদের ক্ষেত্রে উগান্ডা ছাড়ার পর অন্তত ২১ দিন পার হওয়ার প্রমাণ দেখাতে হবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উগান্ডার নাগরিকদের ওপর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কঙ্গো ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য ভিসা এবং প্রবেশসংক্রান্ত বিধিনিষেধ আগের মতোই বহাল থাকবে।
তবে উগান্ডার সব নাগরিকের ক্ষেত্রে ২১ দিনের শর্ত একইভাবে প্রযোজ্য হবে না। আমিরাতে অবস্থিত উগান্ডা দূতাবাসের সাধারণ পাসপোর্টধারী প্রশাসনিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি প্রবেশের সুযোগ পাবেন।
এ ছাড়া উগান্ডা সরকারের ইস্যু করা কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীরাও অনুমোদিত স্বাস্থ্যবিধি মেনে এ ছাড়ের আওতায় আমিরাতে যেতে পারবেন।
যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, মানবিক ও চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আলাদাভাবে বিবেচনা করা হবে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা সাবধান! নিজের রেসিডেন্সি আইডি অন্যকে দিলেই বিপদ
বিশেষ করে চিকিৎসার জন্য আমিরাতে যেতে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর নির্দিষ্ট রোগের অনুমোদিত মেডিকেল রিপোর্ট, আমিরাতের যে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে সেই হাসপাতালের নাম এবং চিকিৎসা শুরুর সম্ভাব্য তারিখ উল্লেখ করতে হবে।
এসব আবেদন সাধারণ নিয়মে নয়, বরং প্রতিটি ঘটনা আলাদাভাবে যাচাই করে মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
উগান্ডার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটির নাগরিকদের আমিরাত ভ্রমণের সুযোগ আবারও চালু হয়েছে। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট প্রবেশশর্ত, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




একটি মন্তব্য