দীর্ঘ অপেক্ষার অবসান! বিজয় দিবসে খুলছে তৃতীয় টার্মিনাল
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বরই আংশিকভাবে চালু করার পরিকল্পনা করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।
প্রাথমিক পর্যায়ে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন মোট ৪ টি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার ওপরই চালুর বিষয়টি নির্ভর করছে।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও পরিচালনার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাই সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজেদের দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।
তিনি জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ফলে টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে। এখন বাকি প্রস্তুতিগুলো পরিকল্পনা অনুযায়ী শেষ করা প্রয়োজন। ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কাজ চলতে থাকবে।
সভায় তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করা।
এসব কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কোন সংস্থাকে কী দায়িত্ব পালন করতে হবে, তা নিয়েও আলোচনা করেন সভায় উপস্থিত প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুননাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন। এ ছাড়া বেবিচক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও অংশ নেন।
১৬ ডিসেম্বরের পরিকল্পনাটি তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরুর জন্য। অর্থাৎ ওই দিন থেকেই সব আন্তর্জাতিক ফ্লাইট নতুন টার্মিনালে স্থানান্তরিত হবে না। শুরুতে নির্দিষ্টসংখ্যক ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু করে ধাপে ধাপে পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিমানবন্দর পরিচালনার ক্ষেত্রে ইমিগ্রেশন, ব্যাগেজ ব্যবস্থাপনা, নিরাপত্তা পরীক্ষা, উড়োজাহাজের গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবার সমন্বয় প্রয়োজন।
তাই অবকাঠামো প্রস্তুত থাকলেই একটি টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয় না; প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযুক্তি, জনবল ও পরিচালনাসংক্রান্ত ব্যবস্থাও কার্যকর করতে হয়।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো যাত্রীসেবা উন্নত করা এবং আন্তর্জাতিক মানের টার্মিনাল পরিচালনা নিশ্চিত করা।
আরও পড়ুনঃ নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী
তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে ঢাকার প্রধান বিমানবন্দরের যাত্রী ও উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, ব্যাগেজ পরিবহন, নিরাপত্তা পরীক্ষা এবং যাত্রীসেবার বিভিন্ন সুবিধা যুক্ত হওয়ায় বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনায় উন্নতি ঘটানোর সুযোগ তৈরি হবে।
তবে ১৬ ডিসেম্বর থেকে কোন কোন এয়ারলাইনসের কোন ফ্লাইট নতুন টার্মিনাল ব্যবহার করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট ঘোষণা পাওয়া যায়নি। তাই যাত্রীদের ফ্লাইটের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।
সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে বিজয় দিবসেই সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে পূর্ণাঙ্গ পরিচালনার দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে।




একটি মন্তব্য