জাতীয়

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়োগ দেওয়া স্বাস্থ্যকর্মীরা মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।

রোগ প্রতিরোধ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ও জ্ঞান ছড়িয়ে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং জনসাধারণের আস্থা অর্জন জরুরি বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১২ বছর ধরে আইদেশি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তরুণ গবেষক ও কর্মীদের উদ্দেশে ডা. জুবাইদা বলেন, কাজের অগ্রগতি ধীর মনে হওয়ায় অনেক তরুণ-তরুণী হতাশ হতে পারেন।

তবে তাঁদের মনে রাখতে হবে, তাঁদের এই প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, লটারিতে নির্বাচিত ৭০ জনের সাক্ষাৎকার কাল!

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য হলো রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করা এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ উদ্দেশ্যে স্বাস্থ্য খাত সংস্কারে ৫ টি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা, ওষুধশিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজির প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই পরিবেশ তৈরি করা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button