জাতীয়

১২ দিন ধরে সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী, উৎকণ্ঠায় পরিবার

প্রবাসী স্বামীর বাড়ি থেকে সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হয়েছেন জান্নাতুল ফেরদৌস পপি। ১২ দিন পেরিয়ে গেলেও মা ও সন্তানের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য ও স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা প্রবাসী জাকির হোসেনের স্ত্রী পপি গত শুক্রবার সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে সন্তানও ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে নাতির জন্য পোশাক কেনা এবং একটি মোবাইল ফোন মেরামতের উদ্দেশ্যে তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন পপির বাবা। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ পপির বাবার ভাষ্য, মেয়েকে ও নাতিকে খুঁজে না পেয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁর কোনো ছেলে নেই, দুই মেয়ের মধ্যে পপির সন্তানকে ঘিরেই ছিল তাঁর অনেক আনন্দ। দীর্ঘ সময় পার হলেও তাঁদের সন্ধান না মেলায় পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তিনি বলেন, “আমার মেয়ে ও নাতিকে ফিরে পেতে চাই। সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা আমার মেয়ে ও নাতিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।”

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পপির বাবা। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

তাঁদের ভাষ্য, পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তদন্ত ও খোঁজাখুঁজির চেষ্টা চলছে বলে জানানো হচ্ছে, কিন্তু এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পপির নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর শ্বশুরবাড়ির সদস্য, বাবা-মা ও অন্যান্য স্বজনের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত মা ও সন্তানের সন্ধান পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তবে কী কারণে তাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও তাঁদের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত নন।

মা ও সন্তানের সন্ধান পেতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছে পরিবার।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button