পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়।
এরই মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বাস্তবে রূপ নেওয়ার পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা, বিভিন্ন যন্ত্রাংশের পারফরম্যান্স ও গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।
প্রাথমিক পরীক্ষা শেষে বিদ্যুৎকেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে। এভাবে ধাপে ধাপে কেন্দ্রটির উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে টারবাইন, জেনারেটর, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং গ্রিডের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা নিশ্চিত করা হবে।
সব পরীক্ষা সন্তোষজনকভাবে শেষ হলে পরবর্তী ধাপের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।
বায়েরা অনুমতি দিলে প্রথম ইউনিট থেকে পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এরপর রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রায় ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনা চলবে।
এ সময় বিভিন্ন সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন, যন্ত্রপাতির কার্যকারিতা, নিরাপত্তাব্যবস্থা এবং দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে।
নির্ধারিত ট্রায়াল অপারেশন সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এরপর রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ইউনিটটির প্রাথমিক দায়িত্বভার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে।
পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয় ২০২৬ সালের ২৮ এপ্রিল। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হয়।
গত ১১ অক্টোবর প্রথমবারের মতো ইউনিটটিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ অর্জিত হয়। পরবর্তী সময়ে বায়েরা বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেয় এবং ৩০ অক্টোবর থেকে পাওয়ার স্টার্টআপ পর্যায়ের কাজ শুরু হয়।
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
আরও পড়ুনঃ সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসী ব্যবসায়ী মামুনের
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহযোগিতায় নির্মিত এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানো এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদারের প্রত্যাশা রয়েছে।
তবে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ যুক্ত হওয়াকে এখনই বাণিজ্যিক উৎপাদন শুরুর সমতুল্য হিসেবে দেখার সুযোগ নেই।
নির্ধারিত কারিগরি পরীক্ষা, নিরাপত্তা যাচাই, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং ট্রায়াল অপারেশন সফলভাবে শেষ হওয়ার পরই পূর্ণাঙ্গ বাণিজ্যিক সরবরাহের পর্যায়ে পৌঁছাবে রূপপুরের প্রথম ইউনিট।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এই পরীক্ষামূলক গ্রিড সংযোগ তাই একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে দেশের দীর্ঘ প্রস্তুতি বাস্তব প্রয়োগের আরও কাছাকাছি পৌঁছাল।



