বিয়ের স্বপ্ন দেখিয়ে প্রবাসীর ৬০ লাখ টাকা নিয়ে উধাও প্রেমিকা
দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসে একে অপরের সঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন বলে দাবি এক অস্ট্রেলিয়া প্রবাসীর।
সেই সম্পর্কের সূত্র ধরে দেশে থাকা এক নারীকে বিভিন্ন সময়ে প্রায় ৬০ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী পাঠানোর অভিযোগ করেছেন তিনি।
তবে শেষ পর্যন্ত ওই নারী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে দাবি প্রবাসীর। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগের কেন্দ্রে থাকা নারী জমিলা খাতুন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঠান্ডাঝিরি গ্রামের কামাল হোসেনের মেয়ে। প্রবাসীর দাবি, দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি জমিলাকে অর্থসহ বিভিন্ন উপহার পাঠিয়েছেন। পরে ২০২৫ সালের ২৮ মার্চ কক্সবাজারের বিবাহিত ব্যক্তি মোহাম্মদ মফিজের সঙ্গে জমিলা চলে যান।
প্রবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১১ বছর আগে পারিবারিকভাবে জমিলা খাতুনের সঙ্গে তাঁর বিয়ের আলোচনা চূড়ান্ত হয়েছিল। তিনি তখন অস্ট্রেলিয়ায় থাকায় দেশে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল। সেই সূত্র ধরেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘ সময় তা অব্যাহত থাকে।
সম্পর্ককে স্থায়ী রূপ দিতে জমিলাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার উদ্যোগও নিয়েছিলেন বলে দাবি করেন ওই প্রবাসী। তাঁর ভাষ্য, জমিলার পাসপোর্ট তৈরি এবং ভিসা প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তিনি। ভবিষ্যতে একসঙ্গে সংসার করার প্রত্যাশায় বিভিন্ন সময়ে তাঁকে অর্থ পাঠাতেন।
প্রবাসীর অভিযোগ, ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমিলার কাছে পাঠানো অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।
এসব লেনদেনের প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে জমিলার জন্য স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী পাঠিয়েছেন বলে জানান।
অভিযোগকারীর দাবি, তাঁর পাঠানো অর্থের একটি অংশ দিয়ে জমিলা নিজ এলাকায় প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন।
এ ছাড়া জমিলার এক ভাইয়ের চাকরির ব্যবস্থা এবং আরেক ভাইকে কারাগার থেকে মুক্ত করতে আর্থিক সহায়তা দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ ইতালির স্বপ্ন দেখিয়ে ওমানে বন্দি, ৩০ লাখ টাকা দিয়েও মিলছে না সেলিমের খোঁজ!
তবে সম্পর্কের শেষ পর্যায়ে পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ প্রবাসীর। তাঁর দাবি, তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করার সুযোগে জমিলা কক্সবাজারের বাসিন্দা ও বিবাহিত মোহাম্মদ মফিজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
একদিকে বিয়ের আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে অর্থ নেওয়া অব্যাহত ছিল, অন্যদিকে পরে ওই ব্যক্তির সঙ্গে চলে যান জমিলা। ২০২৫ সালের ২৮ মার্চ তাঁরা একসঙ্গে চলে যান বলে অভিযোগকারীর দাবি।
দীর্ঘদিনের সম্পর্কের এমন পরিণতিতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ওই প্রবাসী।
তাঁর দাবি, বিদেশে কঠোর পরিশ্রম করে জমানো অর্থ ও পাঠানো স্বর্ণালংকারের কোনো হিসাব তিনি পাননি। এখন জমিলার সন্ধান, পাঠানো অর্থ ও স্বর্ণালংকার ফেরত এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত চান তিনি।
এদিকে, অভিযোগের বিষয়ে জমিলা খাতুন ও মোহাম্মদ মফিজের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ফলে তাঁদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




একটি মন্তব্য