জাতীয়

শুধু রেমিট্যান্স নয়, এবার প্রবাসীদের মেধা-দক্ষতাও কাজে লাগাতে বড় উদ্যোগ!

বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অভিজ্ঞতা, জ্ঞান, পেশাগত দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে গড়ে ওঠা ‘ব্রিজ টু বাংলাদেশ’ (বিটুবি) উদ্যোগের দায়িত্ব স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করেছে অক্সফাম ইন বাংলাদেশ।

এর মধ্য দিয়ে উদ্যোগটির পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় স্বাধীন পর্ষদের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল: ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক সংলাপ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেওয়া হয়।

অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সান্তনু দাম স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে উদ্যোগটির দায়িত্ব হস্তান্তর করেন।

সাত সদস্যের পরিচালনা পর্ষদে রয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও সমাজকর্মী বিবি রাসেল, উন্নয়ন ও প্রতিবন্ধিতা বিষয়ক পরামর্শক জুলিয়ান ফ্রান্সিস, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক মহাপরিচালক আজিজ-উর রহমান, যুক্তরাজ্যের বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের নির্বাহী চেয়ারম্যান নাজির আলম, ইউনিভার্সিটি অব শেফিল্ডের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক, দ্য ডেইলি স্টারের বিপণন বিভাগের প্রধান ইমরান কাদির এবং যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কামাল আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগালের ডাচেস অব কোইমব্রা এইচআরএইচ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সাফল্য, অভিজ্ঞতা ও অর্জনের গল্প তুলে ধরে নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারেন।

তাঁদের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তরুণেরা বুঝতে পারবেন, নিজেদের অবস্থান বা পারিবারিক পরিচয় যা-ই হোক, চেষ্টা ও সুযোগ পেলে বড় কিছু অর্জন করা সম্ভব।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার দূত হিসেবে গড়ে তোলার উপায় খুঁজে বের করতে হবে। প্রবাসীদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা দেশের ভাবমূর্তি উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় পর্তুগালের দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স বলেন, দক্ষ জনশক্তিকে দেশে ধরে রাখা এবং বিদেশে চলে যাওয়া দক্ষ পেশাজীবীদের দেশে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত।

এ ক্ষেত্রে উপযুক্ত রাজস্বনীতি, কর-সুবিধা ও অন্যান্য সহায়ক উদ্যোগের মাধ্যমে বিদেশে থাকা দক্ষ বাংলাদেশিদের দেশে ফিরে কাজ করতে উৎসাহিত করা সম্ভব।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পরিসংখ্যান ও ফলাফলবিষয়ক উপদেষ্টা অ্যাবি ডেভিস বলেন, কূটনৈতিক ও উন্নয়নবিষয়ক অভিজ্ঞতা এ উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করতে পারে। তবে এর মূল শক্তি হলো এর সঙ্গে যুক্ত মানুষের সম্মিলিত অভিজ্ঞতা, মতামত ও অংশগ্রহণ।

আলোচনায় আরও অংশ নেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিটুবির উপদেষ্টা পর্ষদের চেয়ার বিবি রাসেল। তিনি বলেন, গ্রামের মানুষের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের মর্যাদা রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের জন্য এ কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, স্বাধীন পরিচালনা পর্ষদের অধীনে প্রবাসী বাংলাদেশিরা দেশের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম উপকৃত হতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হোসাইন।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতেই ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্যোগটি গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ ইতালির স্বপ্ন দেখিয়ে ওমানে বন্দি, ৩০ লাখ টাকা দিয়েও মিলছে না সেলিমের খোঁজ!

২০২২ সালে ধারণা হিসেবে যাত্রা শুরু করা এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও সম্পদকে দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করা।
এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের অবদানকে শুধু অর্থ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, প্রযুক্তি, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বিনিময়, বিনিয়োগ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

২০২৫ সালের ২৫ মে লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির যাত্রা শুরু হয়। পরে ২০২৬ সালের ২৮ জুন ঢাকায় এর পরীক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়।

প্ল্যাটফর্মটিতে প্রবাসী পেশাজীবী ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ, পরামর্শদান, দক্ষতা বিনিময় এবং সহযোগিতার সুযোগ তৈরির ব্যবস্থা রাখা হয়েছে।

যাচাইকৃত প্রোফাইল, উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন, মেন্টরশিপ, কমিউনিটি ফোরাম এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের মতো সুবিধাও এর পরিকল্পনায় রয়েছে।
প্রবাসীদের আগ্রহকে বাস্তব উন্নয়ন উদ্যোগে রূপ দিতে কমিউনিটি নেটওয়ার্ক, বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্ব, বিশ্ববিদ্যালয় ও করপোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা এবং পরামর্শমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন স্বাধীন পর্ষদের অধীনে ২০৩০ সাল পর্যন্ত একটি কৌশলগত কর্মপরিকল্পনা তৈরির প্রত্যাশাও রয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস ফাতেমা তুজ জোহুরা।

এ সময় ব্রিজ টু বাংলাদেশের পথচলা ও কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির সোশ্যাল মিডিয়া অ্যান্ড কনটেন্ট কর্মকর্তা শামেরুল হুদা।
অনুষ্ঠানে পর্তুগালের ডাচেস অব কোইমব্রা, দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও যুক্তরাজ্যের ফুলহাম এফসির পেশাদার ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিদেশে থাকা লাখো বাংলাদেশির মধ্যে অনেকেই শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, ব্যবসা, গবেষণা, শিল্প ও বিভিন্ন পেশায় অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁদের সেই দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ দেশের উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করা গেলে রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের অবদান বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। ব্রিজ টু বাংলাদেশের নতুন পরিচালনা পর্ষদের সামনে এখন সেই সম্ভাবনাকে কার্যকর অংশীদারত্বে রূপ দেওয়ার চ্যালেঞ্জ।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button