মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম। তাঁর এ সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। সফরকালীন তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমকে ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
ভিভিআইপি ঘোষণার ফলে বাংলাদেশে অবস্থানকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে এসএসএফ। সফরের সময় তাঁর নিরাপত্তা, চলাচল ও আনুষ্ঠানিক কর্মসূচি ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার ইব্রাহিমের এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগে স্বচ্ছতা, প্রবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয় আলোচনায় আসতে পারে।
বাংলাদেশের জন্য মালয়েশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন। তবে ২০২৪ সাল থেকে নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় শ্রমবাজারটি আবার চালুর বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
ফলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে বিদেশগামী কর্মী ও প্রবাসীদের মধ্যে।
সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ করা এবং নতুন করে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়ার দেগুতে প্রবাসীদের জন্য সুখবর, এক ক্যাম্পেই মিলল নানা সেবা
সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর পরিকল্পনাও রয়েছে। এ পরিস্থিতিতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে শ্রমবাজার-সংক্রান্ত আলোচনা বিশেষ গুরুত্ব পেতে পারে।
এর আগে চলতি বছরের ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ওই সফরে দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
সেই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ ব্যবস্থাপনা, জ্বালানি, কৃষি, শিক্ষা, সেমিকন্ডাক্টর শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পাশাপাশি বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও শ্রমবাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার আসে।
এবার আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও বিদেশগামী কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয় কি না, সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা।



