বিমানবন্দর থেকে ‘সুইডেন আসলাম’ গ্রেপ্তার
মালয়েশিয়া যাওয়ার পথে আটক আলোচিত সন্ত্রাসী সুইডেন আসলাম

ঢাকার একসময়ের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার ( ২২ নভেম্বর ) গভীর রাতে মালয়েশিয়া যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
তিনি বলেন, সুইডেন আসলামকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে তিনি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা।
ডিবি কর্মকর্তারা জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত শতাধিক অভিযোগ জমা পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।
এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতার মধ্যেই তিনি দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০০৫ সালের ৩১ জানুয়ারি তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। এরপর প্রায় ১৯ বছর কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।



