জাতীয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে শুধু আইনি প্রক্রিয়া যথেষ্ট নয়, ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। বাংলাদেশে থাকা মামলার আসামিদের ফেরাতে যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা দ্রুত শেষ করতে ভারত সরকার নজর দেবে বলে আশা করছে বাংলাদেশ।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব। সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্প্রতি ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনও নাকচ করেছেন শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রী সান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতার কারণে যেতে পারেননি এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, গুজবে কান দেওয়া ঠিক নয়। গণমাধ্যমকর্মীরা তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করবেন—এটাই সরকারের প্রত্যাশা।

শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করেছেন। এ সময়ে তিনি চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।

সান ফ্রান্সিসকো সফরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বরং আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং তাঁকে নিয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল।

যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ ছাড়া হাই-টেক কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে তার সুফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আসন্ন তুরস্ক সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনা রয়েছে। তবে সফরের সময় ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button