জাতীয়

জাল দলিলে ২৪.৯৬ শতক সরকারি জমি দখল, ৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় জাল দলিল ও ভুয়া রেকর্ডপত্র তৈরির মাধ্যমে প্রায় ২৫ শতক সরকারি জমি দখলে রাখার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ অক্টোবর) মামলার অনুমোদনের বিষয়টি জানান দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

দুদকের অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়া এবং অন্যদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। তাঁরা ভুয়া রেকর্ডপত্র তৈরি করে পরে সেগুলো আসল নথি হিসেবে ব্যবহার করেন। এর মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে সরকারি জমি দখলে রেখে ভোগদখল করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ওই সরকারি জমির পরিমাণ ২৪ দশমিক ৯৬ শতক। জমির ভাড়া পরিশোধ না করে আসামিরা সরকারের ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা ক্ষতি করেছেন বা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ এবং মোহাম্মদ শাহ-আলম ফারুক। শাহ-আলম ফারুক চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-২, রহমতগঞ্জের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী। বর্তমানে তিনি বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।

দুদক জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button