অন্য খবর

দুই মাথা নিয়ে জন্ম কচ্ছপছানা, চলছে নিবিড় পর্যবেক্ষণ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি বন্য প্রাণী সেবাকেন্দ্রে দুই মাথাওয়ালা বিরল এক কচ্ছপছানার পরিচর্যা চলছে। ডায়মন্ডব্যাক টেরাপিন প্রজাতির এই কচ্ছপছানাটি জন্ম থেকেই দুটি মাথা নিয়ে রয়েছে।

ম্যাসাচুসেটসের বার্নস্টেবলে অবস্থিত কেপ ওয়াইল্ডলাইফ সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে কচ্ছপছানাটির বিষয়ে তথ্য জানিয়েছে। কেন্দ্রটি বলেছে, স্থানীয় বন্য প্রাণী সংরক্ষণাগার মাস অডুবন ওয়েলফ্লিট বে ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারির কর্তৃপক্ষ কচ্ছপটিকে তাদের কাছে নিয়ে আসে। ওয়েলফ্লিটের বিশেষভাবে সুরক্ষিত একটি প্রজননক্ষেত্র থেকে বন্য প্রাণী কর্মীরা এটিকে উদ্ধার করেন।

বন্য প্রাণী কেন্দ্রটির ভাষ্য, বাইসেফালি নামের অত্যন্ত বিরল জন্মগত ও জিনগত ত্রুটির কারণে কচ্ছপটি দুটি মাথা নিয়ে জন্মেছে। ভ্রূণ তৈরির প্রাথমিক পর্যায়ে অভিন্ন যমজ আলাদা হওয়ার প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হলে এ ধরনের শারীরিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

কচ্ছপছানাটির শারীরিক অবস্থা বোঝার জন্য বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের একটি দল নিয়মিত পর্যবেক্ষণ করছে। রেডিওগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে দুটি মাথা ও শরীরের অন্যান্য অংশ কীভাবে কাজ করছে, তা বোঝার চেষ্টা করছেন চিকিৎসকেরা।

কেপ ওয়াইল্ডলাইফ সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ বছরে তাঁরা এ ধরনের মাত্র দুটি কচ্ছপ দেখেছেন। ফলে নতুন এই কচ্ছপছানাটি প্রাণীদের শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় কার্যক্রম সম্পর্কে আরও জানার একটি বিরল সুযোগ তৈরি করেছে।

কেন্দ্রটির পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত কচ্ছপছানাটির খাবারের প্রতি আগ্রহ, শারীরিক বৃদ্ধি ও আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে কি না, তা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে।

বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, প্রাণীর দেহ গঠনের সময় বিভিন্ন ধরনের অস্বাভাবিকতার কারণে দুই মাথার মতো বিরল শারীরিক বৈশিষ্ট্য দেখা দিতে পারে। এ ধরনের প্রাণীর বেঁচে থাকা এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার বিষয়টি অনেকটাই নির্ভর করে তাদের শারীরিক গঠন এবং দুটি মাথা কতটা সমন্বয়ের সঙ্গে কাজ করতে পারছে তার ওপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button