জাতীয়

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তাকে কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটি একটি বিশেষজ্ঞ সংস্থা হিসেবে কাজ করে। মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিষদের অনুরোধে বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ দেয় এই কমিটি।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুফিউর রহমান ১৯৯১ সালের জানুয়ারিতে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১২ সালে তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।

কূটনৈতিক জীবনে সর্বশেষ তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন সুফিউর রহমান।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে।

এরও আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর সুফিউর রহমান গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button