প্রবাস

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন. বিএইচডি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ৩০০ জন বাংলাদেশিকে বাছাই করা হয়েছে।

তবে তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদেরই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লটারি কার্যক্রমে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই নিয়োগের জন্য মোট ৪ হাজার ২৯ জন বাংলাদেশি আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের নামের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এরপর তাঁদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।

এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী ৫ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের। মালয়েশিয়ায় এ ধরনের নিয়োগ উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

অন্যদিকে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

নির্বাচিত কর্মীদের ফ্লাইট আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের জন্য বোয়েসেল নতুন করে ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছে। পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

তাঁদের মেডিক্যাল পরীক্ষা থেকে শুরু করে বিমানভাড়াসহ বিদেশ যাওয়ার সব খরচ নিয়োগকর্তারা বহন করবেন। ফলে এসব কর্মীকেও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button