প্রবাস

সৌদিতে আর ফেরা হলো না মাহবুবুরের, সড়কে প্রাণ গেল ৩০ বছরের প্রবাসজীবনের

দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবে ব্যবসা করছিলেন মাহবুবুর রহমান (৬৪)। দেড় মাস আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসেছিলেন তিনি।

পরিকল্পনা ছিল, আগামী ডিসেম্বরেই আবারও সৌদি আরবে ফিরে গিয়ে নিজের কর্মস্থলে যোগ দেবেন। কিন্তু সেই অপেক্ষার অবসান হওয়ার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবন। কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী।

রোববার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নিজের মোটরসাইকেল নিয়ে সাতকানিয়া থেকে চকরিয়ার দিকে যাচ্ছিলেন মাহবুবুর।

পথে গয়ালমারা এলাকায় পৌঁছালে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে মহাসড়কের পাশে তাঁর মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহতের ভাগ্নে মোহাম্মদ ইলিয়াছ জানান, তাঁর মামা প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে ব্যবসা করে আসছিলেন। দেশটিতে তাঁর দুই ছেলেও একই ব্যবসার সঙ্গে যুক্ত।

দেড় মাস আগে ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি। আগামী ডিসেম্বর মাসে আবারও সৌদিতে যাওয়ার প্রস্তুতি ছিল তাঁর। কিন্তু পরিবারের সঙ্গে কাটানো ছুটিই হয়ে থাকল জীবনের শেষ সময়।

আরও পড়ুনঃ বৃদ্ধ বাবা-মাকে দেশে রেখে বিদেশে সন্তান, শেষ বয়সে তাঁদের পাশে কে?

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

দীর্ঘ তিন দশক প্রবাসে কাটিয়ে দেশে ফিরে পরিবারের সঙ্গে নতুন করে সময় কাটানোর স্বপ্ন দেখেছিলেন মাহবুবুর রহমান। কিন্তু সৌদি আরবে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button