নেপালে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৪ বাংলাদেশি আটক, উদ্ধার ১৪ পাসপোর্ট
বাসা থেকে উদ্ধার ১৪ পাসপোর্ট

নেপালে অবৈধভাবে অবস্থানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী। তাঁদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রাজিলের এক নাগরিককেও আটক করা হয়েছে।
আটক চার বাংলাদেশি হলেন—মোহাম্মদ কুরবান আলী, জাহাঙ্গীর আলম, রনিত রায় চৌধুরী ও আকাম আবদুল্লাহ। অপরজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রাজিলের নাগরিক রাফাত মিয়া।
নেপালের অনলাইন সংবাদমাধ্যম রাতোপাতির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় ।
আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীর গোয়েন্দা ব্যুরো ও ১৮ নম্বর ব্যাটালিয়নের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। পরে আটক পাঁচজনকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিদের একজনের বাসা থেকে নয়জন বাংলাদেশির ১৪টি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আর্থিক লেনদেনের তথ্যসংবলিত দুটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে।
এদিকে আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে কাঠমান্ডু জেলা আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। ২০২৪ সালের ২৬ মার্চ থেকে তিনি ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, আটক পাঁচজনকে অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।



