প্রবাস

অনাহারে প্রাণ গেল প্রবাসী ছেলের, শেষবার মুখ দেখতে মায়ের আকুতি

পরিবারের অভাব ঘোচানো এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ নায়িম আহমদ (২৪)।

বিদেশে ভালো চাকরি ও আকর্ষণীয় বেতনের আশ্বাস দেওয়া হয়েছিল তাকে। কিন্তু দেশটিতে পৌঁছানোর পরই প্রতারণার শিকার হন তিনি।

কয়েক দিনের মধ্যে কাজ হারান, একপর্যায়ে শেষ হয়ে যায় ভিসার মেয়াদও। অর্থসংকটে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে শেষ পর্যন্ত বিদেশের মাটিতেই প্রাণ হারান এই তরুণ।

গত বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে কম্বোডিয়ার সমুদ্রবন্দর নগরী সিয়ানোউকভিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নায়িমের মৃত্যু হয়।

ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো মুখ দেখার আকুতি জানিয়েছেন তার মা। এ জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নায়িম কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরিফপুর ইউনিয়নের সীমান্তবর্তী লালারচক গ্রামের বাসিন্দা।

তিনি সৌদি আরবপ্রবাসী মো. ইয়ামিস আলীর ছেলে। স্থানীয় জুনেদ আহমদ নামের এক দালালের মাধ্যমে ভালো চাকরি ও বেশি বেতনের প্রলোভনে পড়ে প্রায় এক বছর আগে কম্বোডিয়ায় যান তিনি।

সেখানে পৌঁছানোর পর সিয়ানোউকভিলে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন নায়িম। কিন্তু কয়েক দিনের মধ্যেই চাকরি হারান।

এরপর বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে ওই দালালের খোঁজও আর মেলেনি।

অন্যদিকে, কম্বোডিয়ায় থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে কাজ পাওয়ার সুযোগও সংকুচিত হয়ে পড়ে। হাতে অর্থ না থাকায় দেশে ফেরার ব্যবস্থাও করতে পারছিলেন না তিনি।
পরিচিতজনের অভাবে সিয়ানোউকভিলের সমুদ্রতীরবর্তী এলাকায় একটি ঝুপড়িঘরে আশ্রয় নেন। সেখানে থাকার জায়গা মিললেও নিয়মিত খাবার জোগাড় করতে পারতেন না। এভাবে দিনের পর দিন চরম অনাহার ও দুর্দশার মধ্যে কাটে তার জীবন।

পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নায়িমকে। গত বুধবার রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন মা মাহাসিফা বেগম। তিনি বলেন, ‘আমার বুকের ধন না খেয়ে, বিনা চিকিৎসায় মারা গেল।

আরও পড়ুনঃ মালদ্বীপে পরপর দুই বাংলাদেশির মৃত্যু, এক মাসেই শেষ প্রবাসের স্বপ্ন!

আমি ছেলের মুখ শেষবারের মতো দেখতে চাই।’ নায়িমের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শরিফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজ আহমেদ জানান, নায়িমসহ ওই এলাকার আটজন তরুণ স্থানীয় জুনেদ আহমদের প্রলোভনে পড়ে জমিজমা বিক্রি করে কম্বোডিয়ায় গিয়েছিলেন।
তাদের ভালো চাকরির আশ্বাস দেওয়া হলেও মূলত ট্যুরিস্ট ভিসায় দেশটিতে পাঠানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তারা প্রতারণার শিকার হন।

আজিজ আহমেদ আরও বলেন, নায়িমের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত দালাল জুনেদ আহমদ পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারগুলো মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

বিদেশে ভালো চাকরি ও বেশি আয়ের আশায় দালালের হাতে টাকা তুলে দিয়ে কীভাবে প্রতারণার শিকার হতে হয়, নায়িমের মৃত্যু সেই ঝুঁকিরই আরেকটি মর্মান্তিক উদাহরণ হয়ে থাকল। এখন পরিবারের একমাত্র চাওয়া, প্রিয়জনের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button