প্রবাসীদের পাঠানো ডলারে ভরছে দেশের রিজার্ভ, মাত্র ৮ দিনে এলো ১১৩ কোটি ডলার
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে আবারও গতি ফিরেছে। চলতি নভেম্বর মাসের প্রথম ৮ দিনেই দেশে এসেছে ১১৩ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।
এর মধ্যে শুধু ৮ নভেম্বর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৫ কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ডলার।
গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৪৯ দশমিক ৮ শতাংশ।
অর্থবছরের হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।
এর আগে সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আর আগস্টে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
আরও পড়ুনঃ ইউয়ানের ঊর্ধ্বগতি ঠেকাতে সুদ বাড়াচ্ছে চীন
দীর্ঘমেয়াদি পরিসংখ্যানেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও রিজার্ভ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নভেম্বরের শুরুতে রেমিট্যান্স প্রবাহের এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি মাসেও প্রবাসী আয়ের পরিমাণ উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছাতে পারে। তবে মাস শেষে প্রকৃত প্রবৃদ্ধির চিত্র পাওয়া যাবে পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের পর।



